
প্রিয়জন ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।