
প্রিয়জন ডেস্কঃ যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী দুলাল হোসেন ওরফে দুলু ওরফে জুয়েলকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী শারমিনের সঙ্গে দুলালের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শারমিনকে মারধর করতেন দুলালসহ অন্য আসামিরা।
২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে শারমিনকে মারধরের পর কেরানীগঞ্জে দুলালের বসতঘরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় শারমিনের মা মোছা. মোমেলা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনালে ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হারুন, মোরশেদা, সুমাইয়া ও রাজুকে খালাস দেওয়া হয়েছে।