
প্রিয়জন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স থেকে কনস্টেবল জাকির হোসেন এবং নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ পৌঁছানোর দুই মিনিটের মধ্যে পুলিশ পরিচয়ে সেগুলো নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে জাকির হোসেনসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের একাধিক সূত্রের দাবি, স্বর্ণগুলো রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। বিষয়টি তদন্ত করছে পুলিশ।