
প্রিয়জন ডেস্কঃ নেপালের বন্যা-ভূমিধসে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে থাকা কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে আক্রান্ত হলে তাদের সহায়তা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, নেপাল বর্তমানে ক্ষয়ক্ষতির মাত্রা ও তাদের প্রয়োজনীয় সহায়তা নির্ধারণ করছে। দেশটি নির্দিষ্টভাবে কী ধরনের সহযোগিতা চায় তা জানালে বাংলাদেশ সে অনুযায়ী দ্রুত সাড়া দেবে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনালাপে ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এ দুর্যোগকে ভয়াবহ ট্র্যাজেডি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে এখন পর্যন্ত নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে এমন কোনো খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঢাকাকে জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ফ্লাইটের ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।