প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভারতের মতো বাংলাদেশকেও একই রকমের সুযোগ দেয়ার অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরে-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যসহ আরও নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ভারতকে ইতোমধ্যেই রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেয়া হয়েছে। আমরা বলেছি, যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে, তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত।
তিনি জানান, এই অনুরোধ ইতোমধ্যেই ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।আলোচনায় সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বিনিয়োগ ও সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের বিষয়েও কথা হয়েছে।