
প্রিয়জন ডেস্কঃ দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি জোরদার করতে একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এই সেল সারা দেশে কার্যক্রম পরিচালনা করবে।
৮ সদস্যের এই সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে। সদস্য হিসেবে রাখা হয়েছে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবদের। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সদস্য হিসেবে থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই সেল নদী, খাল ও জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করবে। খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম চালাবে।
এছাড়া প্রয়োজনে সেলের সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে।
প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হয়েছে।