
প্রিয়জন ডেস্কঃ শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন ব্রাইডন কার্স। না, কোনো মাইলফলক গড়েননি। তবে যেভাবে দৃঢ়চেতা মনোভাবে ব্যাটিং করছিলেন, ইংলিশ সমর্থকদের মনে ভিন্ন কিছু উঁকি দিলেও দিতে পারে। তবে জেমি স্মিথ ও উইল জ্যাকসের বিদায়ের পরই হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেকর্ড গড়ে জেতা হলো না। ৮২ রানে জিতে প্যাট কামিন্সের দল দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ বাগিয়ে নিয়েছে।
অ্যাডিলেডে সর্বশেষ ১২৩ বছর আগে ৩০০ বা এর বেশি রান তাড়া করে টেস্টে জয়ের নজির দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল এই সিরিজে আগের পাঁচ ইনিংসে একবারও তিনশ পেরোতে না পারা ইংল্যান্ডের সামনে। যদিও তাদের সামনে লক্ষ্যটা ৪৩৬ রানের, যা প্রায় অসম্ভবই। ৬ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করায় ইংলিশদের স্বপ্নটা আরও ফিকে হয়ে ওঠে। তবে স্মিথ-জ্যাকস-কার্স আশা দেখিয়েছেন বটে। কিন্তু অজি বোলারদের সামনে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়েছে ৩৫২ রানে।