
প্রিয়জন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৮৭ জন, মতিঝিলে ৭৮ জন, তেজগাঁওয়ে ১১০ জন, মিরপুরে ২০৬ জন, গুলশানে ৭৮ জন, উত্তরায় ৩২ জন, এসআরইউ বিভাগে ৪ জন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ জন রয়েছেন।
অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিমকার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা এবং গাঁজা সেবনের সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।