• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ২৭ লাখ টাকার সিগারেট জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে এমপি আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে অনলাইন জুয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, ২ মোবাইল জব্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অবশেষে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থায় তীব্র অভ্যন্তরীণ অসন্তোষ ও টুর্নামেন্ট বয়কটের হুমকির পর এই পরিকল্পনা বাতিলের কথা নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার লক্ষ্য আমাদের সব সময়ই ছিল এবং থাকবে। সবার মতামত শোনার পর আমরা নিশ্চিত হয়েছি যে, এই প্রস্তাব এমন এক বিভাজন তৈরি করেছে যা আমাদের মূল উদ্দেশ্যের সঙ্গে মেলে না।’

গত মঙ্গলবার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান গঠনের কথা জানিয়েছিল ফিফা। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের বাজারমূল্য আনুমানিক ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার ধরে বিভিন্ন বেসরকারি বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা ছিল।

এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো ফিফার সর্ববৃহৎ টুর্নামেন্টগুলো পরিচালনার।

ফিফা জানিয়েছিল, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ২০২৭ সালের শুরুর দিকে তাদের ২১১টি সদস্যদেশ এককালীন ২ কোটি ডলার করে পাবে এবং ২০২৭–৩০ মেয়াদে বাৎসরিক উন্নয়ন অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলারে উন্নীত করা সম্ভব হবে।

প্রস্তাবটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলের ক্ষমতাধর আঞ্চলিক সংস্থাগুলোর পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সরাসরি টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়ে জানায়, ‘এই প্রস্তাব বহাল থাকা পর্যন্ত উয়েফাভুক্ত কোনো জাতীয় দল ফিফার টুর্নামেন্টে অংশ নেবে না।’

এক বিবৃতিতে উয়েফা মন্তব্য করে, ‘বিশ্বকাপকে কেবল একটি বাণিজ্যিক বিনিয়োগ পণ্য হিসেবে দেখার সুযোগ নেই। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’

পরবর্তী সময়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশনও (কনক্যাকাফ) উয়েফার এই অবস্থানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। ৪৭টি সদস্যদেশ নিয়ে গঠিত এএফসি তাদের বিবৃতিতে সতর্ক করে বলে, ‘ফিফা বিশ্বকাপ বয়কটের মতো বিষয় এখন প্রকাশ্যে আলোচনায় উঠে এসেছে। ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের প্রত্যেকের জন্যই এটি গভীর উদ্বেগের।’

এমনকি ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিনগুয়েসও এই প্রকল্পের স্বচ্ছতা ও সম্ভাব্য প্রভাব নিয়ে ফিফার কাছে বিস্তারিত কৈফিয়ত দাবি করেন।

পরিকল্পনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হলে ফিফার অভ্যন্তরেও ফাটল স্পষ্ট হয়ে ওঠে। গতকাল শুক্রবার ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেন। তিনি এই প্রকল্পকে ‘ফিফা এবং ফুটবলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য একটি ক্ষতিকর প্রস্তাব’ হিসেবে উল্লেখ করেন।

একই দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ফিফা সভাপতির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ইনফান্তিনো বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা পরিচালনার জন্য ‘ভুল ব্যক্তি’।

সর্বমুখী চাপের মুখে পড়ে ফিফা সভাপতি এখন বিভাজন দূর করে ফুটবলে ফের ঐক্য ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছেন।

ইনফান্তিনো বলেন, ‘সামনের দিনগুলোতে ফুটবল–সংশ্লিষ্ট সব পক্ষকে আবার এক টেবিলে আনাই আমার মূল লক্ষ্য। সবার যৌথ স্বার্থ রক্ষা করে—বিশেষ করে যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন—সেই দেশগুলোতে ফুটবলের উন্নয়ন নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাব।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।