
প্রিয়জন ডেস্কঃ বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৩০ দিন। তার আগে সোমবার (১১ মে) একই দিনে ক্রীড়ার এই মহাযজ্ঞের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের সেরা তারকা লিওনেল মেসি। এবারও স্কালোনির বড় ভরসার নাম এলএম টেন। কাতার বিশ্বকাপের মহানায়ককে ঘিরেই শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা।
এদিকে বিশ্বকাপের উন্মাদনার মাঝেই দুঃসংবাদ এল ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চেলসির তরুণ বিস্ময় বালক এস্তেভাও, যাকে অনেকে ‘ব্রাজিলিয়ান মেসি’ ডাকেন। সোমবার কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন, সেখানে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের নাম নেই।
খেলোয়াড় নিজেও জানতেন যে তার অংশগ্রহণের সম্ভাবনা কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য তার সাবেক ক্লাব পালমেইরাসে পৌঁছানোর পর এস্তেভাওকে বেশ হতাশ দেখাচ্ছিল।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।