
প্রিয়জন ডেস্কঃ শিবগঞ্জবাসীর দীর্ঘদিনের নানা সমস্যা ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ ও আবেদন পেশ করেছেন শিবগঞ্জের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী এমপি।
জনগণের নাগরিক সেবা সহজ ও কার্যকর করার উদ্দেশ্যে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট শিবগঞ্জে একটি স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে জোরালো আবেদন জানান। দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার সংকটের কারণে সাধারণ মানুষকে দলিল নিবন্ধন ও সংশ্লিষ্ট সেবা নিতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করেন তিনি। আবেদনে ঝড়ে বিধ্বস্ত বাড়িঘরের ছাউনি পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ৫০০ বান্ডিল ঢেউটিন ও প্রয়োজনীয় আর্থিক অনুদান বরাদ্দের অনুরোধ জানানো হয়।
স্থানীয়দের মতে, মানুষের দুঃসময়কে নিজের দায়িত্ব মনে করে নিরলসভাবে কাজ করে যাওয়া ড. কেরামত আলীর এ উদ্যোগ শিবগঞ্জবাসীর প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।