
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের মো: আব্দুল ছালাম মন্ডলের ছেলে মো: রাসেল আলী (২৬); একই গ্রামের মো: জাকারিয়া হোসেনের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৭); একই গ্রামের মো: খোরশেদ আলীর ছেলে মো: রকি আলী (২৫); বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: মিশন আলী (২৯); গোপালহাট গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: সেলিম রেজা (৩২) এবং বড়গাছী মন্ডলপাড়া গ্রামের মো: আনিছুর রহমানের ছেলে মো: কাবিল আলী (৩৫)। সকলেই রাজশাহী মহানগরীর পবা থানার বাসিন্দা।
গতকাল ৯ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ঘটনাস্থল তল্লাশি করে ০৪ বান্ডিল প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়াও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।