
কানপুর টেস্ট শুরুর আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। লাল বলের ক্রিকেটে অবশ্য ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। বাঁহাতি এই অলরাউন্ডার আরও জানিয়েছিলেন, দেশে নিরাপত্তা পেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তিনি। দুইদিন আগে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তার এই বক্তব্যের পরই সাকিবের দেশে ফেরা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় যুক্ত হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
রবিবার শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিবের প্রসঙ্গ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সেই সূত্রে শান্তর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এটা হবে প্রত্যেক ক্রিকেটারের জন্য স্বস্তির, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, এটা অবশ্যই উনি যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন, আমাদের প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে।’
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়াতে সাকিবকে ছাড়াই রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৭৬ ম্যাচ। সাকিব খেলেছেন ১২৯টি। সাকিবের মতো একজন অলরাউন্ডার না থাকায় স্বাভাবিকভাবে একাদশ সাজাতে কিছুটা হলেও বেগ পেতে হবে। অধিনায়ক শান্তও এমনটাই মনে করেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্যই উনি এতদিন ছিলেন, এখন একাদশ সাজাতে একটু প্রবলেম হবেই। কারণ, উনি দুই দিক থেকে ভালো।’
সাকিব না থাকায় মেহেদী হাসান মিরাজকে দলে ফিরিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অধিনায়কেরও ভরসা আছে তার ওপর, ‘আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করবো, যে মিরাজ ওই জায়গাটায় চেষ্টা করবে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য। সাকিব ভাই নাই, এটা আমাদের জন্য নতুন ব্যাপার, বিশেষ করে এই সংস্করণে। এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ আমাদেরকে ভালো একটা শুরু দেবে। আমি আশা করছি, এই দল ভালো ফলই করবে।’