এর আগে গত সোমবার (৯ আগস্ট) একই পিলারে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেক রো রো ফেরি। সেই ঘটনার চার দিনের মাথায় আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, আগের ধাক্কা দেওয়ার ঘটনায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে। এটি সেতুর তেমন ক্ষতি না হলেও বিষয়টি গ্রহণযোগ্য নয়। তার আগে গত ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।
পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি, শুধু জুলাই মাসেই ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে। অন্যদিকে সেতুতে বারবার ফেরি ধাক্কার ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ সেতু এখন পুরো জাতির সম্পদ, জাতীয়ভাবে মানুষ আহত হয়েছেন এবং অনুভূতিতে আঘাত লেগেছে। তিনি বলেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কাকে তুচ্ছ কোনো ঘটনা ও নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। সেনাবাহিনীকে বলব, এ ব্যাপারে গভীরভাবে তদারকি করা দরকার। এখানে শষ্যের মধ্যে ভূত আছে কি না তাও গভীরভাবে খতিয়ে দেখা হবে।