সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে অনুষ্ঠিত শুনানিতে দু’পক্ষের হাতাহাতির ঘটনার জেরে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মনোমালিন্য হয় রুমিন ফারহানার। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
বিজয়নগরের ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির বিজয়নগর উপজেলা কমিটি।
বৈঠকে হাসনাত তার বক্তব্যে বলেন, ‘রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি, ওনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। কেউ আমাদের আক্রোশমূলক কথা বললে আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব। কেউ যদি আমাদের ইতিবাচক বার্তা দেয় আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত।’
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরীসহ প্রমুখ।






















