কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশজুড়ে অস্থির পরিস্থিতি, সরকারের পালাবদল ঘিরে অশান্তির আঁচ এসে পড়লো ভারতের পোশাক তৈরি সংক্রান্ত সেক্টরেও! বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘গার্মেন্টস ও নিটেড ফেব্রিক সেক্টরে বর্তমানে কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে।’
কিছুদিন আগেই বিবিসির এক রিপোর্টে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে যেতেই বাংলাদেশের পোশাক তৈরি সংক্রান্ত সেক্টর সম্পূর্ণ বন্ধ রাখার ডাক দিয়েছে সে দেশের পোশাক তৈরি সংক্রান্ত বেশ কিছু সংগঠন। এদিকে, তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘আমি বাংলাদেশে আমাদের বস্ত্রবয়ন ও পোশাক তৈরি সংক্রান্ত বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি, যার অনেকগুলোই তামিলনাড়ুর। বিনিয়োগগুলো সৎ ভাবনা থেকে সেখানে গিয়েছিল এবং সেখানে ভালো কাজও হয়েছে; বাংলাদেশ থেকে রফতানিও বেড়েছে। গার্মেন্টস এবং নিটেড ফ্যাব্রিক সেক্টরে বর্তমানে কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে।’
ভারতের অর্থমন্ত্রীর আশা, খুব শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে তৎপর হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের নিরাপত্তায় জোর দিচ্ছে দিল্লি।’
নির্মলা সীতারামন জানান, বস্ত্রবয়ন সেক্টরে বিশেষত তামিলনাড়ু থেকে বড়সড় লগ্নি গিয়েছে বাংলাদেশে।
তিনি সাফ বলেন, ‘আমি আশা করি বিনিয়োগগুলো সবই নিরাপদ রয়েছে।’