
ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের পর জাতীয় দলের ব্যস্ততা এবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। দিন কয়েক পরেই প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলতে উড়াল দেবে তামিম-মাহমুদউল্লাহরা।
এদিকে, ব্যস্ত সূচিতে ঠাসা চলতি বছরে রয়েছে অনেকগুলো ম্যাচ। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। এদিকে, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম টাইগার্স। জানা গেছে, বিশ্বকাপের পরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সোমবার (৬ মার্চ) হাইভোল্টেজ ওই সিরিজটি নিয়ে কথা বললেন। গণমাধ্যমকে তিনি বলেন, বিষয়টা এখনো শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে। এদিকে, সিরিজের সম্ভাব্য সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে তাও এখনো চূড়ান্ত হয়নি। তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এদিকে, আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে টেস্টের পাশাপাশি যোগ হয়েছে ওয়ানডে ম্যাচও। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ১৮ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে সাদা পোশাকের লড়াই। প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৭ এপ্রিল।