শ্রীলঙ্কার দেওয়া ২২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন মিনহাজুল ইসলাম। ইফতিখার হোসেনের ব্যাট থেকে আসে ৩৬ রান। বাকিদের মধ্যে মেহরব ৩৩, আরিফুল ইসলাম ২৩, তাহজিবুল ইসলাম ১৭ ও আশিকুর জামান ১১ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন দুনিত ও ম্যাথিউসা পাথিরানা। দুই উইকেট পান ত্রাভীন ম্যাথিউ। এর আগে টস জিতে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২২৮ রান করে শ্রীলঙ্কা। তাদের ব্যাটারদের মধ্যে দুজনের ব্যাট থেকে এসেছে হাফসেঞ্চুরি। ওপেনার সাদীশ জয়াবরধনার পর অর্ধশতক হাঁকান পাওয়ান পাথিরাজাও। সাদীশ ৯৪ বলে ৫৮ ও পাথিরাজা ৬৮ বলে ৫১ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। দুটি উইকেট নেন আশিকুর জামান। শুক্রবার প্রথম ম্যাচে আইচ মোল্লা দৃঢ়তার পরও যুবারা হারে ৪২ রানে। স্বাগতিকদের ২২৮ রানের জবাবে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ৮৬ রান করেন আইচ। ৯৩ বলে তার ইনিংসে ছিল ৯টি চারের মার। আউট হওয়ার আগে দলকে জেতাতে চেষ্টার কোনো কমতি রাখেননি আইচ। আশিকুর রহমানকে নিয়ে শেষ উইকেটেও ২৯ রানের জুটি গড়েন তিনি। বাকিদের মধ্যে আরিফুল ইসলাম ৩৮ ও ইফতিখার হোসেন ১৬ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন ত্রাভিন ম্যাথিউস। ১০ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৯ রান। অন্যদের মধ্যে ডানিয়েল ২টি এবং চামিন্দু, দুনিত, পাথিরানা একটি করে উইকেট পান। সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৫ অক্টোবর। ২৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।